বিশেষ প্রতিবেদক
মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে ‘আমনি এয়ারের’ একটি বিশেষ চ্যাটার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর ইমিগ্রেশনের যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তারা দুপুর ১টা ৩০ মিনিটে স্থান ত্যাগ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব ব্যক্তি ২০১৪ সালের বিভিন্ন সময়ে ওয়ার্ক পারমিট ভিসায় দেশ ত্যাগ করেছিলেন। তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরু হয়ে বিভিন্ন সময়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। পরবর্তী সময়ে বৈধ অভিবাসন সুবিধা ও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিপোর্টেশনের সিদ্ধান্ত নেয়।
বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে জরুরি আর্থিক সহায়তা হিসেবে প্রত্যেককে ৫ হাজার টাকা ও স্ন্যাকস প্রদান করা হয়।