রাজনীতি ডেস্ক
জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যেকোনো ভয়ভীতি বা প্রলোভন উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার কথা জানিয়ে তিনি সরকারের প্রতি জুলাইয়ের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আইডিবি কাউন্সিল হলে জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ শিক্ষাঙ্গনের গণরুম-গেস্টরুম কালচার ও নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে পরিবর্তন চেয়েছিল। কিন্তু বর্তমানে দেশকে পুনরায় পুরোনো সংকটের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি স্পষ্ট জানান, জামায়াতে ইসলামী কোনো আপসের প্রস্তাবে সম্মত হবে না এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় এ দেশের মাটিতে বাস্তবায়িত হবে।
শহীদদের রক্তের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, এ দেশে রাজনৈতিক প্রতিশোধ নয়, বরং আইনি বিচার নিশ্চিত করা প্রয়োজন। দেরিতে হলেও ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার এ দেশের মাটিতেই সম্পূর্ণ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের ওপর বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
সরকারের নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করে তিনি জাতীয় প্রতিশ্রুতি রক্ষায় সরকারকে সঠিক পথে থাকার পরামর্শ দেন। গোলামির চেয়ে বীর হিসেবে বাঁচার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ ও দেশের মানুষের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী তার অবস্থান থেকে সরবে না।
উক্ত মতবিনিময় সভায় জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।