রাজনীতি ডেস্ক
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে আরও ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় প্রতিনিধি দল হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের কাছে ঘটনার বিবরণ দিয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন। পরবর্তীতে অভিযোগটি প্রাথমিক তদন্ত শেষে সদর মডেল থানায় নিয়মিত মামলা (এফআইআর) হিসেবে নথিভুক্ত করা হয়।
মামলায় নামোল্লেখ করা প্রধান আসামিরা হলেন— জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, পৌর ছাত্রদল নেতা মুজাক্কির হোসেন, ছাত্রদল নেতা এম এইচ শিমুল, বৃন্দাবন কলেজ ছাত্রদল নেতা আল সাইমন, জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইসতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অবি ও রক্সি ইসলাম।
মামলায় প্রধান আসামি করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন দাবি করেন, উক্ত ঘটনার সঙ্গে তিনি বা তাঁর সংগঠনের কোনো নেতাকর্মী সম্পৃক্ত ছিলেন না। তিনি এই মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলার নথি আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও জড়িত আসামিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি এড়াতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।