নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের একজন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলেরও দাবি জানিয়েছে দলটি।
বুধবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করার বিষয়ে কোনো আইনি বাধা নেই এবং তাঁরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য। এমতাবস্থায় স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করা এক ধরনের দ্বিচারিতা। নাগরিক হিসেবে রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের পূর্ণ অধিকার শিক্ষকদের রয়েছে উল্লেখ করে তিনি ইসিকে পূর্বের বিধান বহাল রাখার আহ্বান জানান।
ইসির প্রশাসনিক পদে নিয়োগ প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি বলেন, ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব মো. সামসুল আলমের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা আবশ্যক। সংবেদনশীল এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। কমিশন বিষয়গুলো নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।