রাজনীতি ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সামাজিক ও রাজনৈতিক দল হিসেবে ভুলের উর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির আমীর ডা. শফিকুর রহমান। যেকোনো ভুলত্রুটি বা অপরাধমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তা সংশোধনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সম্মেলনে দলীয় রুকনদের উদ্দেশে জামায়াত প্রধান বলেন, রাজনীতিতে নৈতিকতা ও কাঠামোগত শৃঙ্খলা রক্ষা করা অপরিহার্য। রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে যেকোনো ধরনের অনৈতিকতা বা গুরুতর শৃঙ্খলাভঙ্গের ঘটনা ঘটলে সাংগঠনিক বিধিমাল অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
দলীয় নীতি ও আদর্শ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে বিরোধীদলীয় নেতা আরও বলেন, সামান্য বা সহনীয় পর্যায়ের ভুলত্রুটির ক্ষেত্রে সংশোধনের সুযোগ দেওয়া হলেও গুরুতর অপরাধের ক্ষেত্রে সংগঠন কোনো ছাড় দেবে না। এ বিষয়ে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দায়িত্বশীলদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
ঢাকা জেলা জামায়াতের শীর্ষনেতাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত রুকন সম্মেলনে জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক দলীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্মেলনে দলীয় পুনর্গঠন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক নীতিমালা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।