বিশেষ প্রতিবেদক
দায়িত্ব নেওয়ার নির্দিষ্ট সময় পার হওয়ার পর জনগণকে কাজের হিসাব দিতে হবে উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পাঁচ মাস অতিবাহিত হয়েছে। নির্দিষ্ট সময় পর দেশের সাধারণ মানুষ সরকারের কাছে উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের জবাবদিহিতা চাইবে। জনগণের সেই প্রত্যাশা পূরণে এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ ও কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা প্রয়োজন।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার লামচরি জামে মসজিদ কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সরকারই দায়িত্বে থাকুক না কেন, জনগণের ন্যায়সংগত দাবির প্রতি সম্মান প্রদর্শন করা তাদের প্রধান দায়িত্ব। নির্বাচনপরবর্তী সময়ে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার লক্ষ্মীপুরসহ সারা দেশের অমীমাংসিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছে।
বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘমেয়াদি অনেক পরিকল্পনা নথিপত্রে থেকে গেলেও তার সঠিক বাস্তবায়ন আটকে থাকে। আটকে থাকা সেসব উন্নয়ন প্রকল্প চিহ্নিত করে তা বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান রূপ দেওয়াই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি আঞ্চলিক যোগাযোগের উন্নয়ন ও স্থানীয় অবকাঠামো সুরক্ষায় সরকারের বিশেষ আন্তরিকতার বিষয়টি তুলে ধরেন।
বক্তব্যে তিনি স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং নদীভাঙন রোধে পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের আশ্বাস দেন। তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলের সার্বিক অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় পানিসম্পদ মন্ত্রণালয় বেশ কিছু মেগা প্রকল্প পুনর্বিন্যাস করছে, যা দ্রুত বাস্তবায়নের মুখ দেখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউছুফ, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি এবং রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা এ সময় এলাকার টেকসই উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি মন্ত্রীর কাছে তুলে ধরেন।