নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত নিয়মিত অভিযানে ৪১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে পরিচালিত এই অভিযানে একই সময়ে নগরীর বিভিন্ন থানায় মোট ৭১টি মামলা দায়ের করা হয়। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ মালামাল, প্রযুক্তিগত সরঞ্জাম, মাদকদ্রব্য ও নগদ অর্থ।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নগরীর অপরাধ দমন ও সার্বিক নিরাপত্তা জোরদার করতে ডিএমপির বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা শাখা একযোগে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ৯৬ জন এবং তেজগাঁও বিভাগ থেকে ৬৬ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া গুলশান বিভাগে ৪৮ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৪৪ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, রমনা বিভাগে ২৮ জন এবং গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ৯ জন গ্রেফতার হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অপরাধ ও অবৈধ কাজে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২৮টি অবৈধ ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড, ১৪টি ল্যাপটপ, ২১টি মোবাইল ফোন, ১২টি ল্যাপটপ চার্জার, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর, ১টি পাওয়ার সাপ্লাই মেশিন, ১টি সিসি ক্যামেরা এবং ইলেকট্রনিক সরঞ্জামাদি।
প্রযুক্তি সরঞ্জামের পাশাপাশি অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। উদ্ধারের তালিকায় রয়েছে ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন এবং ২৬ বোতল বিদেশি মদ। একই সাথে ১টি প্রাইভেটকার এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করে পুলিশ।
ডিএমপি জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ ভিওআইপি ব্যবসা রোধ এবং মাদকের বিস্তার ঠেকাতে নগরজুড়ে থানাভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।