নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নের জন্য যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এই আগ্রহের কথা জানান। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা এবং মানবসম্পদ খাতের সার্বিক অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিঙ্গাপুরের প্রতিনিধি মিচেল লি সে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাক্রমের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে ভাগাভাগি করার অভিপ্রায় ব্যক্ত করেন। এর মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজকে আধুনিক কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
কারিগরি শিক্ষার পাশাপাশি অর্থনৈতিক ও অবকাঠামোগত সহায়তার প্রসঙ্গও আলোচনায় স্থান পায়। সিঙ্গাপুরের প্রতিনিধি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দর ও লজিস্টিকস খাতের অবকাঠামোগত মানোন্নয়ন, বিশেষ করে বিমান চলাচল খাতের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ডিজিটালাইজেশনের ওপর জোর দেন। এ ছাড়া সরকারি সেবা সহজীকরণ ও আধুনিকীকরণ, দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অনুস্বাক্ষর, কার্বন ক্রেডিট খাতভিত্তিক সহযোগিতা বৃদ্ধি এবং সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।
বৈঠক শেষে উভয় পক্ষ শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে একাধিক যৌথ উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করে। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে অধিকতর গভীর করতে আগামীতেও দ্বিপক্ষীয় যোগাযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় প্রতিনিধি সম্মত হন।