নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শনিবার বিকেলে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন বলেন, সময়ের পরিমাপে পাঁচ মাস খুব দীর্ঘ সময় না হলেও গণতান্ত্রিক সরকার হিসেবে প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের পরীক্ষা। তিনি উল্লেখ করেন, জনগণের আস্থা ও বিশ্বাসই সরকারের মূল শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, অর্জন, সংস্কার কার্যক্রম এবং চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করাকে সরকার নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে।
সরকারের গত পাঁচ মাসের কার্যক্রমের চিত্র তুলে ধরে মুখপাত্র জানান, দায়িত্ব গ্রহণের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ সময়কালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়া এবং বিভিন্ন প্রকল্পের ব্যয়সাশ্রয় ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করার মাধ্যমে সরকার সুশাসনের বার্তা প্রদান করেছে। পাশাপাশি সাম্প্রতিক বন্যাদুর্গতদের পুনর্বাসন এবং স্বাস্থ্য ও শিক্ষাখাতের সংস্কার ও বিনির্মাণের কাজ চলমান রয়েছে।
মুখপাত্র বলেন, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্র-জনতার আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই সরকারের লক্ষ্য হলো জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার লঙ্ঘনের ইতিহাস কাটিয়ে একটি স্থিতিশীল রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সরকার নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন ধারার সূচনা করেছে। সরকার বিশ্বাস করে, জনগণের গঠনমূলক মতামত ও সমর্থন আগামী দিনের পথচলায় প্রেরণা হিসেবে কাজ করবে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবু আবদুল্লাহ এম ছালেহসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কার্যক্রমের অংশ হিসেবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং।