রাজধানী ডেস্ক
চট্টগ্রামকে প্রযুক্তিগতভাবে আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘আমাদের চট্টগ্রাম’ নামের একটি ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটির উদ্বোধন করেন।
ডিজিটাল সেবার আওতায় নাগরিক জীবনযাত্রাকে সহজতর করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপটি বাস্তবায়নের ক্ষেত্রে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) খাতের অংশ হিসেবে অর্থায়ন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং এর কারিগরি উন্নয়ন ও সফটওয়্যার তৈরিতে কাজ করেছে ভেনটো টেক।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান ও সেবার মানোন্নয়নে এই অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি মেরামত ও নর্দমা পরিষ্কারসহ মোট ১০টি ভিন্ন ক্যাটাগরির সমস্যার কথা সরাসরি সিটি কর্পোরেশনকে জানাতে পারবেন। অভিযোগ জানানোর সময় নাগরিকরা সমস্যার ছবি তুলে নির্দিষ্ট লোকেশনসহ অ্যাপে আপলোড করতে পারবেন।
অ্যাপটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর লাইভ ট্র্যাকিং সুবিধা। সেবাগ্রহীতারা তাদের করা অভিযোগ কোন পর্যায়ে রয়েছে—তা গ্রহণ করা হয়েছে কি না, চলমান নাকি সমাধান হয়েছে—তা অ্যাপের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। অভিযোগ নিষ্পত্তির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, অ্যাপটির মাধ্যমে জরুরি সেবা গ্রহণ, মেয়রের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং সিটি কর্পোরেশনের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মেয়র উল্লেখ করেন।
নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, একটি শহরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে প্রতিষ্ঠানের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপটি সেই অংশগ্রহণের সুযোগ তৈরি করেছে। তিনি নগরবাসীকে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিজের শহরের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা সহজীকরণের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, স্মার্ট নগরী গঠনের পথে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ। ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার পর্যায়ে এ ধরনের উদ্ভাবনী সেবা নাগরিক ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল মাধ্যম ব্যবহারের ফলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে নাগরিকদের সরাসরি সংযোগ তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে স্মার্ট সিটি নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। অ্যাপটির সঠিক ব্যবহার ও দ্রুত সাড়া প্রদানের সক্ষমতা থাকলে এটি নগর সেবায় নতুন মাত্রা যোগ করবে।