রাজধানী ডেস্ক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সদর দফতর সূত্রে জানা গেছে, ঢাকা মহানপ্তরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ডিএমপির মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৫৯ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ৩৫ জন, গুলশান বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৩১ জন এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৫ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা এবং ২ হাজার ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি অ্যান্টিকাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ৮ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে। একই সাথে বিভিন্ন ভবন থেকে চুরি হওয়া দরজা ও জানালায় ব্যবহৃত বিভিন্ন আকারের ১৫টি পুরোনো অ্যালুমিনিয়াম ফ্রেম উদ্ধার করে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, মহানগরে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক তৎপরতা বন্ধে এই অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও চুরির অপরাধে মামলা দায়েরের পর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। মহানগরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই জোরালো তৎপরতা অব্যাহত থাকবে।