শিক্ষা ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে দুটি নতুন সফটওয়্যার ও একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের উদ্যোগে এসব ডিজিটাল সেবার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব সেবার উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই ডিজিটাল সেবাগুলোর উদ্বোধন করেন। আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার, প্রক্টরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন চালু হওয়া ডিজিটাল সেবাগুলোর মধ্যে রয়েছে মাস্টার্স পর্যায়ের পরীক্ষার বিল ও সম্মানী অনলাইনে সম্পাদনের ব্যবস্থা, পিএইচডি ভর্তি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার সফটওয়্যার এবং আইওএস ব্যবহারকারীদের জন্য বাকৃবির ডিজিটাল ই-ডায়েরি অ্যাপ। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
অনুষ্ঠানে জানানো হয়, এর আগে স্নাতক পর্যায়ের পরীক্ষার বিল অনলাইনে করার প্রক্রিয়া সফল হওয়ায় এবার মাস্টার্স পর্যায়ের পরীক্ষার পারিতোষিক বিলও অনলাইন সেবার আওতায় আনা হলো। বিশ্ববিদ্যালয়ের ইআরপি সিস্টেমের মাধ্যমে এখন থেকে শিক্ষকরা কাগজের পরিবর্তে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে সহজেই এই বিল জমা দিতে পারবেন। এর ফলে একদিকে যেমন প্রশাসনিক কাজের দীর্ঘসূত্রিতা কমবে, অন্যদিকে কাগজবিহীন বা পেপারলেস ক্যাম্পাস গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া পিএইচডি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার জন্য একটি নতুন সফটওয়্যার চালু করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে আবেদন, ভর্তি ফরম পূরণ এবং ভর্তি ফি জমাসহ পুরো ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পূর্বে এই প্রক্রিয়া সম্পন্ন করতে নানা জটিলতা পোহাতে হতো, যা এখন পুরোপুরি সহজ ও স্বয়ংক্রিয় করা হয়েছে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে পূর্বে অ্যান্ড্রয়েড সংস্করণে চালু থাকা ডিজিটাল ই-ডায়েরি অ্যাপটিকে আইওএস ব্যবহারকারীদের উপযোগিতায় রূপান্তর করা হয়েছে। ‘মাই-বাউ’ (MyBAU) নামক এই নতুন অ্যাপটি এখন থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে। খুব শীঘ্রই এটি অ্যাপ স্টোরে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে বলে আইসিটি সেল সূত্রে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে প্রযুক্তির কোনো বিকল্প নেই। নতুন এসব ডিজিটাল উদ্যোগের মাধ্যমে বাকৃবির একাডেমিক ও প্রশাসনিক সেবা আগের চেয়ে আরও দ্রুত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে। তিনি এই যুগোপযোগী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য আইসিটি সেলসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্ষেত্রে পর্যায়ক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।