এক সপ্তাহ পর পর্দা উঠবে জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসরের। এই আসর দিয়ে হেড কোচ হিসেবে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাজিমউদ্দিনের। চট্টগ্রাম দলের প্রস্তুতি, শিরোপা জেতার সম্ভবনা, জাতীয় ক্রিকেট লিগের পরিবর্তন ছাড়াও নানা বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন তিনি। তার চুম্বক অংশ এখানে তুলে ধরা হলো-
জাগো নিউজ: স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, অল্প কয়েকদিন পরেই টুর্নামেন্টও শুরু হয়ে যাবে। এখন পর্যন্ত আসলে প্রস্তুতিটা কেমন?
নাজিম উদ্দিন: প্রস্তুতি যদি বলেন, আমরা তো এক মাস আগে থেকে স্কিল প্র্যাকটিস করেছি। এর মাঝে আমরা কয়েক সপ্তাহ প্র্যাকটিস করেছি। ২৪ তারিখ থেকে আমাদের টুর্নামেন্টের জন্য, আমরা ১৪ তারিখ থেকে বেশ জোরালোভাবে প্র্যাকটিস করেছি। আপনারা নিশ্চয়ই জানেন, এই প্র্যাকটিসটা ট্রায়াল। অনেকে আবার প্র্যাকটিসে ছিল, ফিটনেসও ছিল। তো আমরা কালকে থেকে প্র্যাকটিস শুরু করবো।
জাগো নিউজ: আপনাদের যে স্কোয়াডটা করা হয়েছে, স্কোয়াডটা নিয়ে কি আপনি সন্তুষ্ট?
নাজিম উদ্দিন: হ্যাঁ, আমি স্কোয়াড নিয়ে সন্তুষ্ট। আমাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ প্লেয়ার আছে। ওদেরকে ছাড়া যে স্কোয়াডটা আছে, ওটা আমার মনে হয় প্রত্যেকটা বিভাগে যথেষ্ট ভারসাম্যপূর্ণ। বোলিং, পেস বোলিং, স্পিনার আর ব্যাটিং, সার্বিকভাবে সবকিছু মিলিয়ে এবার টিমটা খুব ভালো। প্লেয়াররা যদি ভালো ক্রিকেট খেলতে পারে মাঠে, তাহলে আমার বিশ্বাস আমরা ভালো করবো।
জাগো নিউজ: জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের সাফল্য এত কম কেনো?
নাজিম উদ্দিন: এর পেছনে বেশ কিছু কারণ আছে। অনেক সময় দেখা গেছে আমরা খুব কাছাকাছি গিয়েও জিততে পারিনি। তবে এবার আমি খুব আশাবাদী। আমাদের টিমে এবার বেশ কয়েকজন ভালো প্লেয়ার আছে। মুমিনুল আছে, নাঈম আছে, জয় আছে, দিপু আছে, ইরফান শুক্কুর আছে। এরা কিন্তু খুব ভালো ফর্মে আছে। এছাড়া যারা তরুণ প্লেয়ার আছে, শাহাদাত হোসেন দিপু, তারপর যারা এইচপি টিমে আছে মুরাদ, পেস বোলার ফাহাদ আছে, আশিকুর জামান আছে। সার্বিকভাবে সবকিছু মিলিয়ে এবার টিমটা খুব ভারসাম্যপূর্ণ। আমরা আশাবাদী যে এবার ওরা ভালো ক্রিকেট খেলবে।