নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মানবপাচার প্রতিরোধ, সাইবার অপরাধ রোধ, আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে দুই দশকের অংশীদারিত্ব জোরদারে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করেছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আইওএম-এর বাংলাদেশ মিশন প্রধান ড. লরা টম-বন্ড। আলোচনাকালে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দ্বিপাক্ষিক আলোচনায় জাতীয় মানবপাচার বিরোধী কাঠামোকে আরও শক্তিশালী করা এবং আধুনিক সাইবার প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত মানবপাচার প্রতিরোধের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর যৌথ উদ্যোগে প্রণীত ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা’ কৌশলের জাতীয় অনুমোদন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে আইওএম তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বৈঠকে আইওএম-এর মিশন প্রধান ড. লরা টম-বন্ড জানান, বৈশ্বিক অভিবাসন পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। সফরকালে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন মিশন প্রধানকে স্বাগত জানিয়ে নিরাপদ অভিবাসন ও মানবপাচার নিয়ন্ত্রণে আইওএম-এর বৈশ্বিক তহবিলের সুষম ব্যবহার, গবেষণা, নীতি সহায়তা ও বিশেষায়িত প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি, দেশের প্রতিটি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাচার রোধে উন্নত প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা গড়ে তুলতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্ণ সহযোগিতা প্রদান করবে বলে জানানো হয়।