বরিশাল — জেলা প্রতিনিধি
ফ্যামিলি কার্ড বিতরণে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের স্থান হবে না এবং সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করে কোনো অসাধু উপায় অবলম্বন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার প্রকৃত উৎস সাধারণ জনগণ এবং জনপ্রতিনিধি ও প্রশাসনের মূল দায়িত্ব হচ্ছে তাদের সেবক হিসেবে কাজ করা। জনগণের ন্যায্য অধিকার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, যেকোনো অন্যায়ের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সরকারি সুবিধা প্রাপ্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
সরকারি সুবিধা সাধারণ মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় সামাজিক দায়িত্ব পালনের ওপর জোর দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর ও পরিচর্যা করার আহ্বান জানান তিনি। বক্তব্যের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির সুফল যেন সঠিক উপকারভোগীরা পান, তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক কর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর আলোকপাত করেন। এছাড়া বরিশালের খাল ও জলাশয়গুলোর নাব্যতা ফেরানো এবং পরিবেশবান্ধব উদ্যোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উঠে আসে।
কৃষকদলের প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং জেলা যুবদলের প্রতিনিধি সৈয়দ আলম খান সেন্টুসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।