বিশেষ প্রতিবেদক
ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিশুদের নিজেদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশকে সঠিকভাবে গড়ে তোলার যে কাজ সরকার শুরু করেছে, তা সফল করতে বর্তমান প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আত্মগঠনে মনযোগী হতে হবে। গ্যালারি ও মাঠে উপস্থিত শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, এই শিশু-কিশোরদের মধ্য থেকেই আগামী দিনের সফল চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি ও আন্তর্জাতিকমানের খেলোয়াড় বের হয়ে আসবে, যারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে গৌরব ও সম্মান বয়ে আনবে।
পরিবেশ সুরক্ষায় খুদে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, নদী-পুকুর পরিচ্ছন্ন রাখা, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানো এবং পশুপাখির প্রতি সদয় আচরণের পরামর্শ দেন। পাশাপাশি দেশের বিদ্যালয়গুলোর অবকাঠামোগত মান উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নত করতে সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, শিক্ষা, খেলাধুলা কিংবা সংস্কৃতি—যে ক্ষেত্রেই শিশুরা নিজেদের বিকশিত করতে চাইবে, সরকার তাতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। সেই সাথে সংবাদমাধ্যমে শিশু ও তরুণদের ইতিবাচক অর্জন ও সাফল্যকে গুরুত্বের সাথে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী স্টেডিয়ামে উপস্থিত হয়ে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের শুভেচ্ছা জানান। তিনি মাঠে বসে বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করেন। পরবর্তীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন।