বিশেষ প্রতিবেদক
আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। এ সফরে তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ’–এর শুভ উদ্বোধন করবেন। ঐতিহ্যগতভাবে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসলেও এবারই প্রথমবারের মতো ঢাকার বাইরে জাতীয় পর্যায়ের এই মূল অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে।
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর এই সফর ও কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের সামগ্রিক মৎস্য খাতের উন্নয়ন এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতেই সরকার কেন্দ্রভিত্তিক আয়োজনের পরিধি বাড়িয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ অর্জিত হয় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল থেকে। এই অঞ্চলের সুবিশাল মৎস্য সম্পদ, অর্থনৈতিক সম্ভাবনা এবং স্থানীয় খামারিদের সফলতার বাস্তব চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতেই কিশোরগঞ্জকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর।
অনুষ্ঠানস্থল নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, মূল উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে একাধিক স্থান পরিদর্শন শেষে প্রাথমিকভাবে একটি সুবিধাজনক ভেন্যু নির্ধারণ করা হয়েছে। স্থানটি সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থ এবং সার্বিক ব্যবস্থাপনা বিবেচনা করে বেছে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই জাতীয় আয়োজনের মাধ্যমে জেলার সার্বিক ভাবমূর্তি বৃদ্ধি পাবে এবং মৎস্য খাতে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে। মৎস্য খাতের অগ্রগতি ও মেধা তালিকার ভিত্তিতে প্রতি বছরের মতো এবারও সেরা খামারি ও উদ্যোক্তাদের রাষ্ট্রীয় স্বর্ণপদকে ভূষিত করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং জেলার সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। কিশোরগঞ্জের কটিয়াদীতে মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদরে আয়োজিত একটি পৃথক কর্মসূচিতে অংশ নেবেন বলেও সভায় নিশ্চিত করা হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
এছাড়া সভায় জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও মৎস্য খাতের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সকল পক্ষকে সাথে নিয়ে একটি সমন্বিত ও সুশৃঙ্খল নিরাপত্তা এবং ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় সভা থেকে।