রাজধানী ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান ট্রাফিক আইন লঙ্ঘন রোধে বৃহস্পতিবার (৫ মার্চ) ও শুক্রবার (৬ মার্চ) দুই দিনে মোট ১ হাজার ৮৯৯টি মামলা করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ শনিবার (৭ মার্চ) এ তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, অভিযানকালে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং নগরীতে যানবাহন নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগের আওতায় ৭টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ১১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৭৪টি মোটরসাইকেলসহ ১৩৪টি মামলা হয়েছে।
মতিঝিল ট্রাফিক বিভাগের অভিযানে ৮টি বাস, ১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে ১৩২টি মামলা করা হয়েছে। ওয়ারী বিভাগের আওতায় ২০টি বাস, ৪৫টি ট্রাক, ৪১টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ ৩২০টি মামলা হয়েছে।
তেজগাঁও ট্রাফিক বিভাগের অভিযানে ১২টি বাস, ১টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ১০২টি মোটরসাইকেলের বিরুদ্ধে ১৯০টি মামলা করা হয়েছে। মিরপুর বিভাগের আওতায় ১০টি বাস, ১০টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ ২৬৫টি মামলা করা হয়েছে।
উত্তরা ট্রাফিক বিভাগে ৪৭টি বাস, ২২টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ১৮৬টি মোটরসাইকেলসহ ৪৬৫টি মামলা করা হয়েছে। গুলশান বিভাগের আওতায় ১৮টি বাস, ৮টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ ২৭১টি মামলা হয়েছে।
অভিযানকালে মোট ৬৩১টি যানবাহন ডাম্পিং এবং ২৭৩টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপি সূত্রে জানানো হয়, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে নগরীর যানজট এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে পুলিশ জানিয়েছে।