1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রচার-প্রচারণাহীন ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, কাল ভোটগ্রহণ একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন মানবসম্পদ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে জাইকার সহযোগিতা জোরদারের আহ্বান সরকারের কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি হতাহত: জরুরি সহায়তা নিশ্চিতে উপ-হাইকমিশনের হেল্পলাইন চালু সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার চাকরি বিধি লঙ্ঘনের দায়ে বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, পদাবনতি ৫ জনের রাজধানীতে ডিএমপির অভিযানে মাদক ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ৪৮৩, মামলা ৫৯টি দুর্বৃত্তদের গুলিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব নিহত শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে গ্রামীণফোনের সাড়ে ২৪ কোটি টাকা জমা রাষ্ট্রপতি নির্বাচনে কোনো আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে
অর্থনীতি প্রতিবেদক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়-সংবলিত ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে যোগান দেওয়া হবে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং বৈদেশিক প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে ৬টি সম্পূর্ণ নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প।
সভায় সরকারের মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান; কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
একনেক সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের অবকাঠামো ও সেবা মানোন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে ‘ঢাকা মেডিকেল কলেজ-এর ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনঃনির্মাণ’ প্রকল্প এবং ‘১০টি মেডিকেল কলেজ-এর ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা-সংবলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ (১ম সংশোধন)’ প্রকল্প। এসব প্রকল্পের বাস্তবায়ন হলে দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা বিদ্যাপীঠগুলোর আবাসন সংকট নিরসন এবং স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারিত হবে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর স্মার্ট মেইনটেন্যান্স টেকনোলজি অব ব্রিজ আন্ডার রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্প অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তির সাহায্যে দেশের সেতুসমূহের রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধি পাবে।
নদীভাঙন রোধ ও উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো ‘ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট জেলার সদর উপজেলা রক্ষা’ এবং ‘চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ’ প্রকল্প। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ’ প্রকল্প অনুমোদিত হয়। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘প্রাণিসম্পদ অধিদফতরের সক্ষমতা জোরদারকরণ (৩য় সংশোধিত)’ প্রকল্পটি অনুমোদন লাভ করে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও পরিবেশবান্ধব জ্বালানি সম্প্রসারণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দুটি সংশোধিত প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘জামালপুর জেলার মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ (২য় সংশোধিত)’ প্রকল্প এবং ‘ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (১ম সংশোধন)’ প্রকল্প। অন্যদিকে, জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘রামু সেনানিবাসের জন্য অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
একনেক সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রীর ক্ষমতাবলে ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়-সংবলিত ৯টি প্রকল্প সম্পর্কে পরিষদকে অবহিত করা হয়। এ প্রকল্পগুলো হলো: বিএসএল-৩ গবেষণাগার স্থাপন এবং ভ্যাক্সিন ও বায়োলজিক্স গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প; বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন (বেস্ট) ১ম সংশোধিত প্রকল্প; সুন্দরবন সুরক্ষা প্রকল্প; দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প; ঢাকাস্থ গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূ-গর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প; ডিপিডিসি-র আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প; মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (৪র্থ পর্যায়); তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ‘জনসেবা প্রদানে নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার’ প্রকল্প এবং কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে বাস্তবায়নাধীন ‘প্রি-প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এডুকেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (১ম সংশোধন)’।
পরিকল্পনা কমিশন সূত্রে জানানো হয়, অনুমোদিত এসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন করা হলে দেশের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, স্বাস্থ্যসেবার আধুনিকায়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রকল্পের অর্থ সঠিক সময়ে যথাযথভাবে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026