বাংলাদেশ ডেস্ক
বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসিত বাসগৃহের চাবি হস্তান্তর করা হয়।
দুপুর দেড়টার দিকে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর ক্ষতিগ্রস্ত এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। সাম্প্রতিক পাহাড়ি ঢ ও টানা বর্ষণে সৃষ্ট বন্যায় বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। পানিবন্দী ও ঘরবাড়ি হারা মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ায় সরকার দ্রুত পুনর্বাসন উদ্যোগ গ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। পুনর্বাসন কার্যক্রমের প্রথম ধাপে গৃহহীন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নবনির্মিত ঘরের চাবি বিতরণ করা হয়। পুনর্বাসন কার্যক্রমে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।
চাবি বিতরণ শেষে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেন। সেখানে স্থানীয় জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে বাঁশখালীর বন্যাকবলিত জনপদের মানুষের দীর্ঘমেয়াদি দুর্ভোগ লাঘব হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবে।