শিক্ষা ডেস্ক
দেশজুড়ে আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এই ফল প্রকাশের মধ্য দিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক বা একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তবে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি ফি এবং আনুষঙ্গিক খরচ পূর্বের নীতিমালার আলোকেই নির্ধারিত থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বের বছরগুলোর ধারাবাহিকতায় এবারও কোনো ভর্তি পরীক্ষা বা লটারি ছাড়াই কেবল এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে। এলাকাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও মানদণ্ড অনুযায়ী ভর্তি ফি এবং অন্যান্য খরচ আগের মতোই বহাল রাখার পরিকল্পনা রয়েছে।
শিক্ষা বোর্ডের পূর্বের নীতিমালা পর্যালোচনা করে দেখা যায়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনের জন্য ফি নির্ধারণ করা ছিল ৫ হাজার টাকা। এছাড়া ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে এই ফি দেড় হাজার টাকা নির্ধারিত ছিল।
অন্যদিকে, নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ভর্তির খরচ তুলনামূলক বেশি। নন-এমপিও কলেজগুলোতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সাড়ে ৭ হাজার এবং ইংরেজি ভার্সনে সাড়ে ৮ হাজার টাকা ভর্তি ফি নেওয়া হয়ে থাকে। ঢাকা ব্যতীত অন্যান্য মহানগর এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় যথাক্রমে আড়াই হাজার ও ৩ হাজার টাকা ফি নির্ধারিত রয়েছে।
প্রাথমিক নিশ্চায়ন প্রক্রিয়ার সময় শিক্ষার্থীদের বোর্ড নির্ধারিত বিভিন্ন খাতে নির্দিষ্ট ফি পরিশোধ করতে হয়। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার বা রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা এবং শিক্ষক কল্যাণ ও অবসর সুবিধা ভাতা বাবদ ১০০ টাকা অর্থাৎ সব মিলিয়ে প্রাথমিক নিশ্চায়নে মোট ৩৩৫ টাকা জমা দিতে হয়। এছাড়া অনলাইন আবেদন ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রযোজ্য হয়।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, ফলাফল প্রকাশের পরপরই একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া এবং বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এর মাধ্যমে শিক্ষার্থীরা কলেজ নির্বাচন, ফি প্রদান এবং ভর্তির পুরো প্রক্রিয়া সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা জানতে পারবে।