বাংলাদেশ ডেস্ক
মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় বড় বোনকে হারিয়ে শোকাহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ বুধবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে তিনি এ সাক্ষাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী তাহসিনের পারিবারিক খবরাখবর নেন, উপহার হিসেবে তার হাতে একটি স্বাক্ষর করা ফুটবল তুলে দেন এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণে আন্তরিক পরামর্শ প্রদান করেন।
সম্প্রতি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাহসিনের একটি হাসিমুখের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে প্রধানমন্ত্রী তাহসিনের শোকাবহ পারিবারিক ব্যাকগ্রাউন্ড জানতে পেরে তার খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আজ এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানতে চান। জবাবে তাহসিন জানায়, সে বড় হয়ে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করতে আগ্রহী। তার ইচ্ছা শুনে প্রধানমন্ত্রী তার স্বপ্নের প্রশংসা করেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা ও নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন। তাহসিনের ফুটবলের প্রতি আগ্রহের কথা জানতে পেরে প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর সম্বলিত একটি ফুটবল তাকে উপহার দেন।
সাক্ষাৎশেষে তাহসিন তার অনুভূতি ব্যক্ত করে জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়া এবং পুরো কার্যালয় ঘুরে দেখা তার জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল। সে জানায়, সেখানে পরিবারের সদস্যের মতো পরিবেশ পাওয়ায় তার কোনো দ্বিধা কাজ করেনি। তাহসিনের বাবা নাজমুল হকের প্রতিও প্রধানমন্ত্রী গভীরভাবে সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।