সারাদেশ ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের কদমতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শহিদুল ইসলাম নামে একাধিক মামলার এক আসামি কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন মহেশপুর উপজেলার কদমতলা মাঠপাড়া গ্রামের মো. সেলিম রেজার ছেলে মো. রাসেল হোসেন (৩০), বৈচিতলা গ্রামের মৃত স্বপন হালদারের ছেলে চঞ্চল হালদার (২৭) এবং যশোর জেলার চৌগাছা থানার চাঁনপাড়া গ্রামের মৃত মোশারেফ মন্ডলের ছেলে মো. আক্তারুল (২১)। এ ঘটনায় পালিয়ে যাওয়া অপর আসামি শহিদুল ইসলাম (৩৪) মহেশপুরের যুগিহুদা গ্রামের মো. মজনু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শামসুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাত পৌনে ৯টার দিকে কদমতলা গ্রামের ফতেপুর বাওড় সংলগ্ন একটি কাঁচা রাস্তায় অবস্থান নেয়। অভিযানকালে মাদক কারবারিদের ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় রাসেল হোসেনের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং অন্য দুই সহযোগীকে আটক করা হয়। তবে অভিযানের সময় শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং অভিযানের ঘটনায় জড়িত থাকার দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানায়, পলাতক আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে মহেশপুর থানায় আগে থেকেই সরকারি কাজে বাধা, মারধর এবং মাদক সংশ্লিষ্ট অপরাধসহ চুরির একাধিক মামলা রয়েছে। তিনি এ মাদক কারবারের অন্যতম অর্থদাতা ও পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। পলাতক ওই আসামিকে গ্রেফতার করতে পুলিশের বিশেষ তৎপরতা ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদক কারবার ও সংশ্লিষ্ট অপরাধ দমনে স্থানীয় পর্যায়ে পুলিশের এমন বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।