বাংলাদেশ ডেস্ক
চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর। রবিবার (৯ আগস্ট) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন এবং আগামী ১২ আগস্ট পর্যন্ত এই সফরে অবস্থান করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক ও মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনিয়ান বিন আবদুল রহিম এবং জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাশের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, লজিস্টিকস ও বন্দর ব্যবস্থাপনা এবং দক্ষ জনশক্তি রপ্তানি বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনার পাশাপাশি প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের উন্নত প্রযুক্তি ও অবকাঠামো খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। কর্মসূচির অংশ হিসেবে তাঁর সিঙ্গাপুরের শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল এবং আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শনের কথা রয়েছে। দেশের পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্নত বন্দর লজিস্টিকস অভিজ্ঞতা অর্জনে এই পরিদর্শনগুলো বিশেষ তাৎপর্য বহন করে।
এ ছাড়া সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও তাদের অবদানকে স্বীকৃতি জানাতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। সিঙ্গাপুরে বর্তমানে প্রায় দেড় লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন, যারা নিয়মিত রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সরকারের মেয়াদে এটি কোনো মন্ত্রিপরিষদ সদস্যের প্রথম সিঙ্গাপুর সফর হওয়ায় দুই দেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে নতুন গতি আসবে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক ও প্রযুক্তিগত কেন্দ্র সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হ্রাস, বড় বিনিয়োগ আকর্ষণ এবং প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের ক্ষেত্রগুলো এই সফরের মাধ্যমে আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সফর শেষে আগামী ১২ আগস্ট প্রতিমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।