শিক্ষা ডেস্ক
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হবে। শিক্ষার্থীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন।
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তারিখ নিশ্চিত করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের দিন ও সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। দেশের সাধারণ, মাদরাসা এবং কারিগরি—এই তিন ধারার মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষাগ্রহণ সম্পন্ন হয়। এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করার পর উত্তরপত্র মূল্যায়ন শেষে ফল প্রকাশের এই প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো।
ফল জানার প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd) থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করিয়ে নিজেদের ফল সংগ্রহ করতে পারবেন।
পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত ফল পাওয়ার জন্য এসএমএস পদ্ধতি চালু রাখা হয়েছে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য SSC, বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পাসের সাল লিখে; মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য SSC, MAD, রোল নম্বর ও সাল লিখে এবং কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের জন্য SSC, TEC, রোল নম্বর ও সাল লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার্থীদের ফল জানিয়ে দেওয়া হবে। প্রতিটি এসএমএসের জন্য সব ধরনের করসহ ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।
শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা গেছে, ফল প্রকাশের দিন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ফলাফল পাঠানো হবে এবং শিক্ষার্থীরা চাইলে স্ব স্ব প্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত দিনে ফলাফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী ফল নিয়ে অসন্তুষ্ট হলে নিয়ম অনুযায়ী পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।