1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদরাসায় সংঘর্ষ, আহত বহু উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সাভারের ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ দ্রুত চালুর ঘোষণা আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সংবিধান সংশোধনে জুলাই সনদের আলোকে অংশীজনদের মতামত নেবে সংসদীয় কমিটি সংবিধান সংশোধনে জুলাই সনদের আলোকে অংশীজনদের মতামত নেবে সংসদীয় কমিটি থাইল্যান্ডের ই-ভিসা চালু ও স্বাস্থ্য-বাণিজ্যসহ বহুমুখী সহযোগিতা জোরদারে উদ্যোগ বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিলে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার আহ্বান তথ্য উপদেষ্টার দক্ষিণ এশিয়া ও আসিয়ানের কৌশলগত সেতুবন্ধন হিসেবে বাংলাদেশে জাপানি বিনিয়োগের আহ্বান জাতীয় পর্যায়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ টেকসই পানি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞদের সুপারিশ শুনলেন প্রধানমন্ত্রী, সমন্বিত পদক্ষেপের আশ্বাস

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদরাসায় সংঘর্ষ, আহত বহু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকার তিনটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে শাখা ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজ এবং সরকারি ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে এসব পৃথক সহিংস ঘটনা ঘটে। দিনভর চলা এই উত্তেজনায় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ একাধিক সাধারণ ছাত্র আতঙ্কিত হয়ে পড়েন। সংঘর্ষে বিভিন্ন সংগঠনের অন্তত ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে প্রথম সংঘাতের সূত্রপাত ঘটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির বিশেষ সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে প্রথম উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠানটি চলার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রক্টোরিয়াল টিম ও শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।

পরবর্তীতে সেমিনার শেষ হলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারের সামনে উভয় পক্ষ আবারও মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এ সময় ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষে জকসু ও ছাত্রশক্তির শীর্ষ নেতৃত্বসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। তাঁদের চিকিৎসার জন্য পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জকসুর ভিপি ও শিবির নেতা রিয়াজুল ইসলাম এবং ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহিন মিয়ার অভিযোগ, ছাত্রদলের নেতা-কর্মীরা সুপরিকল্পিতভাবে সেমিনার স্থল ও শহীদ মিনারের সামনে জকসু প্রতিনিধি ও তাঁদের সদস্যদের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ অস্বীকার করে জানান, অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে ছাত্রশিবির ও তাদের সহযোগী সংগঠনগুলো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীও আহত হন। বিকেল পর্যন্ত জবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বজায় ছিল এবং দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসেও প্রায় অনুরূপ কারণে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটে। কলেজ শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ক্যাম্পাসের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়ার জন্য একটি দল প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় শাখা অফিস সম্পাদক আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

পাল্টা অভিযোগে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন জানান, বহিরাগত শিবির নেতা-কর্মীরা সকালে ক্যাম্পাসে একত্রিত হয়ে উসকানিমূলক আচরণ করে এবং ছাত্রদলের এক কর্মীকে মারধর করে। উদ্ভূত পরিস্থিতি প্রতিহত করতেই তাঁরা অবস্থান নেন। ঘটনার পরপরই ঢাকা কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা প্রধান ফটক ও ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ মিছিল বের করেন এবং কৌশলগত স্থানগুলোতে অবস্থান নেন। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, ক্যাম্পাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় কলেজের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে বিষয়টি অবহিত করা হয়েছে।

একই সূত্র ধরে দিনের শেষ ভাগে রাজধানীর বকশিবাজারস্থ সরকারি ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসেও ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ে। বিকেলে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে উভয় পক্ষের একাধিক নেতা-কর্মী রক্তাত্ব হন। আহতদের মধ্যে মাদরাসা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ এবং লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিছার উদ্দিন রাব্বি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দিনের অপর এক ঘটনায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগেও হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠে, জবি ক্যাম্পাসে সংঘর্ষের জেরে হাসপাতালে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির আহত নেতা-কর্মীদের ওপর বিকেল পৌনে ৫টার দিকে বহিরাগত রাজনৈতিক নেতা-কর্মীরা পুনরায় হামলা চালায়। হাসপাতাল প্রাঙ্গণ ও জরুরি বিভাগের ভেতর থেকে চিকিৎসাধীন রোগীদের টেনেহিঁচড়ে এনে মারধর করা হয় বলে জানা গেছে।

রাজধানীর তিনটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনে এমন টানা সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর আশেপাশে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন জানিয়েছে, তদন্ত সাপেক্ষে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026