বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ রাশেদুল হক। গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক এ নিয়োগ প্রদান করা হয়। পরবর্তীতে গত ৩০ জুলাই তিনি বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের (অতিরিক্ত সচিব) স্থলাভিষিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন। রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক বার্তার মাধ্যমে পদায়নের এ বিষয়টি নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক শ্রমবাজারের নতুন চ্যালেঞ্জ মোকাবিলা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে সরকারি খাতের শীর্ষ জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলে নতুন নেতৃত্ব নিয়োগ দেওয়া হয়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ থেকে সফলভাবে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবন শেষে তিনি দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় অস্ট্রেলিয়ায় অবস্থান করে পেশাগত দায়িত্ব পালন করেন। প্রবাসে অবস্থানকালে তিনি আন্তর্জাতিক যোগাযোগ, বহুসাংস্কৃতিক কর্মপরিবেশ পরিচালনা এবং প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠীর নানা কল্যাণমূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। এছাড়া রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কাজের সাথে যুক্ত ছিলেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল কম খরচে এবং নিরাপদ উপায়ে বিদেশে দক্ষ ও অদক্ষ কর্মী প্রেরণে কাজ করে থাকে। মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বিভিন্ন দেশে বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠায় বাংলাদেশ সরকার। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক শ্রমবাজারে চাহিদা ও প্রতিযোগিতার রূপ বদল হওয়ায় প্রতিষ্ঠানটিতে দক্ষ ও আধুনিক অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্বের প্রয়োজনীয়তা দেখা দেয়। আন্তর্জাতিক যোগাযোগে অভিজ্ঞ নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ফলে ইউরোপ, এশিয়ার উন্নত দেশসমূহ এবং অন্যান্য সম্ভাবনাময় নতুন বাজারগুলোতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।