আইন আদালত ডেস্ক
দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ এবং কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে, সে জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শুধু রাজনৈতিক বিরোধিতার জন্য বিরোধিতা করা কাম্য নয়। বিগত দিনে সংঘটিত অন্যায় ও হত্যাকাণ্ড দেখেও যারা নীরব রয়েছেন, তাদের দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসেছে। জুলাই বিপ্লবের সময় সংঘটিত বিভিন্ন নৃশংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময়ে নির্বিচারে হত্যা ও পঙ্গুত্বের শিকার মানুষের প্রকৃত চিত্র এখনো অনেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। অথচ নাগরিক হিসেবে সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী অন্যায় প্রতিহত করা এবং রাষ্ট্র পরিচালনায় ভুলত্রুটি ধরিয়ে দেওয়া সবার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। রাষ্ট্র গঠনে আত্মকেন্দ্রিকতা পরিহার করে সমাজের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে কোরআন তেলাওয়াত, হামদ, নাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার সুবাদে পুরস্কার বিতরণ করা হয়।
ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম নুরউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদ, ইরান দূতাবাসের প্রথম কাউন্সেলর এসরাফিল আমিরি গোর্জাদ্দিনি, ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। অনুষ্ঠানে বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীব ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।