বাংলাদেশ ডেস্ক
চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনীকে গত ছয় মাসের প্রচেষ্টায় একটি শক্ত অবস্থানে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর এমন কোনো অপরাধ সংঘটিত হয়নি, যার সঙ্গে জড়িতদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি কিংবা বিচারের আওতায় আনতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান কার্যক্রম ও সরকারের বিগত ছয় মাসের সাফল্য তুলে ধরে তিনি জানান, সম্প্রতি রংপুর ও রামিসা হত্যাসহ দেশজুড়ে আলোচিত প্রতিটি অপরাধের ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আসামিদের আদালতের মুখোমুখি করা হয়েছে। ক্ষেত্রবিশেষে বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতেও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান সরকারের অর্জন ও সার্বিক চ্যালেঞ্জ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে উত্তরাধিকার সূত্রে পাওয়া গিয়েছিল এবং জনগণের যে আকাশচুম্বী প্রত্যাশা রয়েছে, তা একসঙ্গে বিবেচনায় নিতে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, মনোবল বৃদ্ধি এবং তাদেরকে জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার একযোগে কাজ করে যাচ্ছে। পুলিশ বাহিনীসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীর মনোবল আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং তারা পূর্ণ শক্তিতে অপরাধ দমনে সচেষ্ট রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে, যার মাধ্যমে তাদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সদস্যদের পুরস্কার, সনদ ও পদক প্রদান করা হচ্ছে। পুলিশ বাহিনীকে সম্পূর্ণ জনবান্ধব বাহিনীতে রূপান্তর করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি সন্তোষজনক পর্যায়ে উন্নীত করা হবে। পরিশেষে, অপরাধ দমনে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।