রাজধানী ডেস্ক
রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে এই নির্দেশনাসংবলিত চিঠি পাঠানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস ও সরকারি সভাসহ বিভিন্ন প্রটোকলিক আয়োজনে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও আমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণ এবং অন্যান্য সব ক্ষেত্রে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুসরণের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে। নির্দেশনায় সরকারি অনুষ্ঠান ও প্রটোকলিক কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকা অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের সচিব, পুলিশ কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ১১টি দপ্তরে পাঠানো হয়েছে। এ সিদ্ধান্তের ফলে জেলা পর্যায়ে মাঠপ্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসকদের প্রশাসনিক সমন্বয় ও প্রটোকল বজায় রাখা সহজ হবে বলে মনে করছে স্থানীয় সরকার বিভাগ।