1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

জলবায়ুর প্রভাব মোকাবিলায় গবেষণাভিত্তিক কৃষিতে জোর দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং কৃষি উৎপাদন অক্ষুণ্ণ রাখতে সরকার গবেষণাভিত্তিক কৃষি ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এর অংশ হিসেবে হাওর অঞ্চলের আকস্মিক বন্যা এড়াতে আগাম কাটাইযোগ্য নতুন ধানের জাত অবমুক্ত করার সিদ্ধান্তের কথা জানান তিনি। একই সঙ্গে মাছ রপ্তানি জোরদারকরণ, ল্যান্ডিং স্টেশন স্থাপন, প্রাণিসম্পদ খাতের ভ্যাকসিন উৎপাদন বৃদ্ধিসহ সার্বিক কৃষি ব্যবস্থার আধুনিকায়নে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শনিবার কুমিল্লার সার্কিট হাউসে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন কুমিল্লা জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান। পরবর্তীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়।

সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, হাওর অঞ্চলের কৃষকদের সুরক্ষায় আগামী মৌসুমে নতুন জাতের শীত সহনশীল ‘ব্রি ধান-১১৮’ অবমুক্ত করা হবে। জাতটি আগাম রোপণ ও কাটাইয়ের সুবিধা দেবে, যার ফলে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যা আসার পূর্বেই কৃষকরা নিরাপদে ধান ঘরে তুলতে পারবেন। এতে প্রকৃতির বিরূপ প্রভাবে ফসল ক্ষতির হার বহুলংশে হ্রাস পাবে। এছাড়া দক্ষিণ ও উপকূলীয় অঞ্চলের জন্য আগামী বছর জলবায়ু সহনশীল ও লবণাক্ততা প্রতিরোধী আরও একটি নতুন ধানের জাত অবমুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গবেষকরা প্রতিনিয়ত প্রতিকূল পরিবেশ উপযোগী ফসলের জাত উদ্ভাবনে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

মাছ বিপণন ও বৈশ্বিক বাজারে রপ্তানি প্রসারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কুমিল্লা স্থলবন্দরকে ব্যবহার করে প্রতিবেশী দেশে মাছ রপ্তানির যে সম্ভাবনা রয়েছে, তা সরকারের বিবেচনায় রয়েছে। বিষয়টির সুরাহা ও প্রশাসনিক জটিলতা নিরসনে দ্রুতই বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি কুমিল্লা অঞ্চলে মাছের আধুনিক ল্যান্ডিং স্টেশন স্থাপনের সম্ভাব্যতার বিষয়টি খতিয়ে দেখে সরকারি খাস জমি প্রাপ্তি সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের অভ্যন্তরীণ বাজারে তাজা ও মানসম্মত মাছ সরবরাহে আধুনিক বাজারজাতকরণ অবকাঠামো ও প্রয়োজনীয় সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দেশে গবাদিপশু ও হাঁস-মুরগির ভ্যাকসিনের আমদানিনির্ভরতা কমাতে একটি বৃহৎ সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগ টিকাই দেশীয় উৎস থেকে যোগান দেওয়া সম্ভব হবে, যা দেশের খামারিদের উৎপাদন খরচ কমাবে এবং প্রাণিসম্পদ খাতকে অধিকতর শক্তিশালী করবে। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীন খাল পুনঃখনন কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ এগোচ্ছে এবং পরবর্তী অর্থবছরেও শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা ব্যক্ত করা হয়। সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ইতোমধ্যে প্রয়োজনীয় বীজ, সার ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে এবং বন্যা-পরবর্তী গবাদিপশুর মহামারি রোধে বিনামূল্যে ব্যাপকভিত্তিক টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

উক্ত মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. খোরশেদ আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল, চট্টগ্রাম বিভাগীয় মৎস্য দপ্তরের পরিচালক মো. আনোয়ার হোসেনসহ কুমিল্লা অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026