শিক্ষা ডেস্ক
ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণ সভা ও সৃজনশীল শিক্ষার্থী সম্মাননা’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশ গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব ও আন্তর্জাতিক অঙ্গনে দক্ষ জনশক্তির চাহিদার ওপর আলোকপাত করেন।
শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, জুলাই মাসের ঐতিহাসিক তাৎপর্য দেশের মানুষের স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে। বিগত রাজনৈতিক প্রেক্ষাপটের কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণ প্রজন্মের নবজাগরণ ও অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ আজ এক নতুন পথচলার দিশা পেয়েছে। গতানুগতিক শিক্ষাধারার বাইরে এসে দেশকে একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে বর্তমান সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে।
কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও অর্থনীতির চাকা সচল রাখার রূপরেখা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করা সরকারের প্রধান লক্ষ্য। বিশ্বের বাজারে দক্ষ কারিগরি পেশাজীবীদের ব্যাপক চাহিদা রয়েছে। প্রবাসী শ্রমিকেরা বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান ভিত্তি হলেও তাঁদের প্রথাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক বাজারের উপযোগী করে গড়ে তোলা সম্ভব হলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে দেশে নতুন করে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি আধুনিক মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কুমিল্লা সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শহীদ হামিদুর রহমান মজুমদার (সাদমান) এবং কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শহীদ সামিদ হোসেনের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি উক্ত আন্দোলন ও বিভিন্ন ঘটনায় আহত ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মুস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন ১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
এর আগে মন্ত্রী কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণ দেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আয়োজনে মন্ত্রী উল্লেখ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা জীবনের অমূল্য সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গঠনে নিজেদের আত্মনিয়োগ করার পরামর্শ দেন।