বিশেষ প্রতিবেদক
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বিশ্ববিদ্যালয় বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দুই পর্বে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চলতি বাজেটে মোট জিডিপির ২ শতাংশ শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামীতে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। এছাড়া সরাসরি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুললেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। অন্যান্য অতিথিদের মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মনজুরুল হক ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন আজাদসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই সহস্রাধিক নবীন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে প্রথম পর্বের আলোচনা সভা শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।