নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। পুনর্গঠিত এই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আহমেদ আযম খানকে। রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এই পুনর্গঠনের কথা জানানো হয়, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে মন্ত্রী ও সংসদ সদস্যদের পাশাপাশি সরকারের একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত ট্রাস্টি বোর্ডে ট্রাস্টি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এছাড়া সংসদ সদস্যদের মধ্য থেকে বোর্ডের ট্রাস্টি মনোনীত হয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
একই আদেশে ট্রাস্টি বোর্ডের পাশাপাশি সংস্থার নীতি-নির্ধারণী ও প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নের মূল চালিকাশক্তি নির্বাহী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের এই নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য মো. ফজলুর রহমান, সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
আইনের কাঠামোগত বিধান অনুযায়ী পদাধিকারবলে উভয় কমিটিতেই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সচিবদের যুক্ত করা হয়েছে। নবগঠিত ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে থাকবেন অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।
সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম সমন্বয়ের সুবিধার্থে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে নির্বাহী কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট মূলত দেশের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণ সাধন, পুনর্বাসন এবং চিকিৎসাসহ বিভিন্ন আর্থিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত একটি রাষ্ট্রীয় প্রশাসনিক সংস্থা। নতুন ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি গঠনের মাধ্যমে ট্রাস্টের আওতাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ পরিচালনা ও কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নে গতিশীলতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সরকারি আদেশ বাস্তবায়নের প্রক্রিয়ায় নতুন কমিটিগুলো দ্রুতই তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।