বিশেষ প্রতিবেদক
রাজধানীতে আগামী ১২ থেকে ১৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আবাসন খাতের অন্যতম বড় প্রদর্শনী ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’। চার দিনব্যাপী এই মেলায় দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি, আবাসন-সংশ্লিষ্ট সংযোগ শিল্প এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
গত সোমবার (২৭ জুলাই) বিকেলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেস অ্যান্ড মিডিয়া সংক্রান্ত স্থায়ী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। রিহ্যাব সচিবালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও সংস্থাটির পরিচালক তাসনোভা মাহবুব সালাম। সভায় গণমাধ্যমের সঙ্গে পেশাগত সমন্বয় জোরদার, আবাসন খাতের ইতিবাচক তথ্য প্রচার, ডিজিটাল মাধ্যমে উপস্থিতি বৃদ্ধি এবং সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে যেকোনো বিভ্রান্তি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত হয়ে রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল বলেন, পরিকল্পিত নগরায়ণ, দেশের আবাসন খাতের সার্বিক উন্নয়ন এবং সাধারণ ক্রেতাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রেস অ্যান্ড মিডিয়া কমিটিকে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।
সংগঠনটির দায়িত্বশীল প্রতিনিধিরা জানান, এবারের সামার ফেয়ারে আগত দর্শনার্থীরা একই ছাদের নিচে আবাসন খাতের নানা সুযোগ-সুবিধা সম্পর্কে সরাসরি তথ্য পাবেন। এতে বিভিন্ন ফ্ল্যাট ও প্লটের বিস্তারিত তথ্যের পাশাপাশি আবাসন সংক্রান্ত ব্যাংক ঋণ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সুবিধার বিস্তারিত জানতে পারবেন ক্রেতারা।
সভায় অন্যান্যদের মধ্যে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট এ. এফ. এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম. ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেনসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মেলা সফলভাবে সম্পাদন এবং গণমাধ্যমের মাধ্যমে ক্রেতা ও সাধারণ মানুষের কাছে মেলার তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।