ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ ফুটবল থেকে বিদায় এবং একের পর এক বিতর্কের মাঝে ক্লাব ফুটবলে মাঠে ফিরে জোড়া গোল করেছেন ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র। তবে তার জোড়া গোলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি সান্তোস। ব্রাজিলেইরো সিরি ‘এ’-র ম্যাচে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দলটি।
রোববার অনুষ্ঠিত ম্যাচে চ্যাপেকোয়েন্সের মুখোমুখি হয় সান্তোস। ম্যাচের ৩৬ মিনিটে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল নিয়ে বক্সে প্রবেশ করে নিখুঁত শটে সান্তোসকে এগিয়ে নেন নেইমার। প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে থাকে তার দল। তবে দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়ায় চ্যাপেকোয়েন্স। ৫১ ও ৬২ মিনিটে পর পর দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সান্তোস। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করে ম্যাচ সমতায় ফেরান নেইমার। ব্রাজিল জাতীয় দলের হয়ে সাম্প্রতিক ফিটনেস সংকটের কারণে নিয়মিত খেলার সুযোগ না পেলেও, এ দিন ক্লাবের হয়ে পূর্ণ ৯০ মিনিট মাঠ মাতিয়েছেন তিনি।
সম্প্রতি বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। পুরো টুর্নামেন্টে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে মাত্র ৩৫ মিনিট খেলার সুযোগ পান নেইমার। ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও পরবর্তীতে ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত একাধিক ‘পোকার’ টুর্নামেন্টে অংশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন এই ফরোয়ার্ড। পেশাদার ফুটবল ক্যারিয়ার রেখে বাণিজ্যিক কার্ড গেমে সময় দেওয়া নিয়ে গণমাধ্যম ও ফুটবল বিশ্লেষকদের সমালোচনার জবাবে তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। বিতর্কের জল ঘোলা হওয়ার মধ্যেই ক্লাবের জার্সিতে মাঠে ফিরে দুই গোল করে নিজের অবস্থান জানান দিলেন এই ব্রাজিলীয় ফরোয়ার্ড।