খুলনা — জেলা প্রতিনিধি
কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে সৃষ্ট সাময়িক সংকট নিরসনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। খুব দ্রুতই এ সমস্যার সমাধান করে বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা, গৃহস্থালি ও সিএনজি স্টেশনে গ্যাসের সরবরাহ এবং চাপ আগের মতো স্বাভাবিক করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
জ্বালানি প্রতিমন্ত্রী দেশের বর্তমান গ্যাস সরবরাহ পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে জানান, দেশে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) মাধ্যমে প্রক্রিয়াজাত করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়ে থাকে। জাতীয় গ্রিডের এ গ্যাসের ওপর ভিত্তি করেই দেশের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র ও শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় এবং একই সঙ্গে রাজধানীতে বাসাবাড়িতে রান্নার কাজ চলে। বর্তমানে দুটি এফএসআরইউর মধ্যে একটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহে সাময়িক ঘাটতি তৈরি হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ত্রুটিযুক্ত এফএসআরইউটি দ্রুত মেরামতের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলা যৌথভাবে কাজ পরিচালনা করছে। একই সঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদারকি করছে। সংশ্লিষ্টদের ধারণা, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হলে জাতীয় গ্রিডে গ্যাসের প্রয়োজনীয় সরবরাহ পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে, যা চলমান শিল্প উৎপাদন ও বিদ্যুৎ খাতের স্থবিরতা কাটাতে সহায়ক ভূমিকা রাখবে।
একই অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা নিয়ে আলোচনা করতে গিয়ে প্রতিমন্ত্রী নৈতিক শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষকে হেয় করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ও বৈষয়িক উন্নয়ন সত্ত্বেও সামাজিক মূল্যবোধের কিছুটা অবক্ষয় ঘটেছে। সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে বলীয়ান করে গড়ে তোলার জন্য শিক্ষক, অভিভাবকসহ সমাজের প্রতিটি স্তরের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
এছাড়া সভায় এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রতিনিধিসহ স্থানীয় ইমাম পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।