বাংলাদেশ ডেস্ক
কে পেশাদার সাংবাদিক আর কে নন—তা সুনির্দিষ্টভাবে নির্ধারণের জন্য একটি উপযুক্ত কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম একটি বহুপক্ষীয় ক্ষেত্র হওয়ায় এখানে বিভিন্ন মত ও চিন্তার মানুষের সহাবস্থান নিশ্চিত করা প্রয়োজন। কোনো সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নিয়ে অন্তর্ভুক্তিমূলক নীতির মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী কমিটির সদস্যদের প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন এবং বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, সরকারের গৃহীত প্রতিটি পদক্ষেপ যেন দেশের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে সংস্থাসমূহকে সর্বদা সচেতন থাকতে হবে। রাজনৈতিক দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত একটি দায়িত্বশীল সরকারের প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে মন্ত্রণালয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের অন্যতম একটি রাজনৈতিকভাবে সংবেদনশীল ক্ষেত্র। এই জায়গায় সাময়িক বা সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই কেবল তাৎক্ষণিক পরিস্থিতির দিকে না তাকিয়ে দূরদর্শিতা, প্রজ্ঞা ও পেশাদারত্বের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতেও সর্বজনগ্রাহ্য ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের প্রকৃত সক্ষমতা ফুটে ওঠে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির এই নীতি নির্ধারণী সভায় পেশাদার সাংবাদিকদের কার্ড প্রদান, গণমাধ্যমের শৃঙ্খলা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করার পরিবেশ তৈরিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নবগঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।