অর্থ বাণিজ্য ডেস্ক
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য অর্জনে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ঢাকায় ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক দুই দিনব্যাপী ‘এফআইসিসিআই এফডিআই সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশি কিংবা বিদেশি—যে উদ্যোক্তারাই বাংলাদেশে মূলধন বিনিয়োগ করবেন, সরকার তাদের পাশে থাকবে। সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে বিনিয়োগকারীদের পথ সুগম করা সরকারের সুনির্দিষ্ট নীতিগত অঙ্গীকার। ব্যবসায়বান্ধব পরিবেশ তৈরিতে বিদ্যমান বিভিন্ন বাধা দূর করে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে সরকার কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করছে।
দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক সক্ষমতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, রূপান্তরের এই যাত্রায় বাংলাদেশের যেমন কিছু চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে বিশাল সম্ভাবনা। দেশের দ্রুত বিকাশমান বৃহৎ অভ্যন্তরীণ বাজার, বিপুল তরুণ ও পরিশ্রমী জনশক্তি, ভৌগোলিক কৌশলগত অবস্থান এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের স্থায়িত্বই বাংলাদেশের অর্থনীতির প্রধান শক্তিসমূহ। এসব উপাদানের ওপর ভিত্তি করে দেশ টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে।
বিদেশি বিনিয়োগের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে রাজস্ব ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আয়কর ও মূল্যসংযোজন কর (ভ্যাট) আহরণ প্রক্রিয়া সহজীকরণ এবং আমলাতান্ত্রিক জটিলতা হ্রাসের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা পুনর্প্রতিষ্ঠা করা হচ্ছে। দেশে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ব্যবসা-বান্ধব আবহাওয়া সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
অর্থনৈতিক নানা বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পায়ন ত্বরাান্বিত করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর বলে জানান সরকারপ্রধান। একটি নতুন কর্মসংস্থাননির্ভর এবং বৈশ্বিক অর্থনীতির সাথে সংযুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ী সমাজকে সমান অংশীদার হিসেবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান তিনি। আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, অর্থনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।