বাংলাদেশ ডেস্ক
দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর মন্দিরে রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিনের ঐতিহ্য। অতীতে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নিজস্ব ফায়দা লোটার অপচেষ্টা করেছে। বর্তমান সরকার এই অপশক্তির তৎপরতা রোধে অত্যন্ত সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে দেশে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিহত করে অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হবে।
মন্ত্রী আরও বলেন, সরকার একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে, যেখানে প্রতিটি নাগরিক নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারবে। বর্তমান প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। এ সময় তিনি জগন্নাথপুর মন্দিরের সার্বিক উন্নয়ন ও সংস্কারের জন্য প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসব উদযাপনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, উৎসবে আগত হাজারো সনাতন ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন কোনো অপতৎপরতা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার নির্দেশনা দেন তিনি।
রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সনাতন ধর্মের বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জগন্নাথপুর মন্দির থেকে শুরু হওয়া রথযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী এই উৎসব ঘিরে মন্দিরের চারপাশে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্থানীয়রা শান্তিপূর্ণভাবে রথযাত্রা সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহায়তা কামনা করেছেন। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মন্দিরে উৎসব নির্বিঘ্ন করতে বিশেষ নজরদারি বজায় রাখার কথা জানানো হয়েছে।