নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু মহল সক্রিয় রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেছেন, আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন, বরং তারা নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ফায়দা লোটার চেষ্টা করছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেনি, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলোর সময় ওই শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবে। পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুল হওয়া দুটি প্রশ্নের নির্ধারিত নম্বর পরীক্ষার্থীদের দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই জাতীয় সংসদে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।
শিক্ষার্থীদের আন্দোলন ও সড়ক অবরোধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই আন্দোলনকে সরকার খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না, কারণ দুই-একটি জেলা এবং ঢাকার কয়েকটি স্থানে সীমিতসংখ্যক মানুষকে এতে অংশ নিতে দেখা গেছে। অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয় ঘেরাও করে দাবি আদায়, পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের যে অপসংস্কৃতি তৈরি হয়েছিল, বর্তমান প্রবণতা তারই ধারাবাহিকতা। তবে বর্তমান সরকার শিক্ষার মান কোনোভাবেই ক্ষুণ্ন হতে দেবে না এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর।
তিনি পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ের অটোপাস, অতিরিক্ত নম্বর প্রদান এবং ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির সমালোচনা করে বলেন, এসব সিদ্ধান্তের কারণে দেশের শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে শিক্ষাব্যবস্থাকে পুনরুদ্ধার এবং একটি জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক জাতি গঠনে কাজ করছে।
আন্দোলনে পুলিশের হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন বিষয়কে ‘ডিসইনফরমেশন’ বা অপপ্রচার হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রকৃত ঘটনা, ছবি ও ভিডিও সবার সামনে রয়েছে; অথচ কিছু মহল পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি দৃঢ়তার সঙ্গে জানান, নেপথ্যে যারাই থাকুক না কেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।