1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইপিজেডে চীনা বিনিয়োগের নতুন জোয়ার: বৈচিত্র্য আসছে শিল্প খাতে বিশ্বকাপের ফাইনালে স্পেন: আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে সম্ভাব্য ‘স্বপ্ন ফাইনালের’ হাতছানি রাজধানীর গুলিস্তানে এসি বিস্ফোরণ: দগ্ধ ৯, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১১ ইউনিট এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় এফটিএ ও অর্থনৈতিক কূটনীতিতে জোর ডিসিসিআই-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি প্রতিমন্ত্রীর আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন: সাধারণের জন্য উন্মুক্ত হবে এদিনই ইরানের সঙ্গে নতুন সমঝোতায় না এলে কঠোর পরিণতির হুমকি ট্রাম্পের বিদ্যুৎ খাতে শৃঙ্খলা ফেরাতে ৮৭ লাখ প্রিপেইড মিটার স্থাপন: শতভাগ মিটারিংয়ের পথে সরকার বিশ্বকাপের গোল্ডেন বুটের রোমাঞ্চকর লড়াই: সমানে সমানে মেসি ও এমবাপ্পে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি প্রতিমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আওয়ামী লীগের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিচার প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তোলা এখন সময়ের দাবি। ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতার অপব্যবহার করে গুম, খুন ও দমন-পীড়ন চালাতে না পারে, তা নিশ্চিত করতেই আওয়ামী লীগের বিচারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করে বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এর পেছনে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র ও ওয়ান-ইলেভেন পরবর্তী সরকারের নীলনকশা কাজ করেছে বলেও তিনি দাবি করেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে পিলখানা বিদ্রোহের বিষয়টি তুলে ধরে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে দুর্বল করার লক্ষ্যে মেধাবী সেনা কর্মকর্তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, ১৯৭১, ১৯৯০ এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনী যখনই জনগণের পাশে দাঁড়িয়েছে, তখনই গণতান্ত্রিক বিজয় অর্জিত হয়েছে। একইসঙ্গে শাপলা চত্বরে আলেম-ওলামাদের ওপর পরিচালিত অভিযানকে বর্বরোচিত হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান তিনি।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাসভবন থেকে উচ্ছেদের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জাতীয়তাবাদী শক্তির প্রতীককে তার স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা ছিল চরম পৈশাচিক। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং সংসদীয় বিতর্কের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ববরণকারীদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জুলাইযোদ্ধাদের অনেকে যথাযথ চিকিৎসা না পাওয়ায় এখনো সুস্থ হতে পারেননি, যা অত্যন্ত দুঃখজনক। এই দায়ভার স্বাস্থ্য ও চিকিৎসা খাতের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিতে হবে। আহতদের তালিকা প্রণয়নে অনিয়ম ও গাফিলতির অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ সময় সরকারি পর্যায়ে থেকেও অনেকে বিপ্লবী বক্তব্য দিলেও আহতদের জন্য কার্যকর কোনো কল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

সবশেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্বচ্ছ তালিকা প্রণয়নের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। অধিবেশনে সংসদ সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ভবিষ্যতে দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026