1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভারতীয় সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টার প্রতিবাদে জামায়াতের বিবৃতি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা সরকারের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ে ঋণের ফাঁদে পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত সার্বজনীন কল্যাণের লক্ষ্যে এবারের বাজেট প্রণয়ন করা হচ্ছে: অর্থমন্ত্রী ঢাকার দুই সিটির প্রশাসকদের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে ফিফার সঙ্গে চূড়ান্ত চুক্তি, নামমাত্র খরচে খেলা দেখাবে বিটিভি জাতীয় সংসদ লাইব্রেরিতে আরএফআইডি প্রযুক্তি চালুর সুপারিশ ডেঙ্গু নিয়ন্ত্রণে নাসিক প্রশাসকের কড়া বার্তা: ব্যর্থতায় বদলি, সাফল্যে পুরস্কার নেত্রকোনা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পাহারায় যুক্ত হয়েছেন গ্রামবাসীরা হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, অক্ষত অবস্থায় দুই পাইলট উদ্ধার

গ্রাহকের অজান্তেই ক্রেডিট কার্ডের টাকা আত্মসাৎ, ব্যাংকের সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকের অজান্তেই ক্রেডিট কার্ডের নিয়ন্ত্রণ নিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি বেসরকারি ব্যাংকের সাবেক সিনিয়র রিলেশনশিপ অফিসারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার বিকেলে রাজধানীর গুলশান থানার ৩২ নম্বর রোডের কমার্শিয়াল কোভ ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো (পশ্চিম) বিভাগের একটি দল। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সারোয়ার হোসেন (৪০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মৃত গোলাম মাওলার ছেলে।

সিআইডি সূত্রে জানা গেছে, অভিযুক্ত সারোয়ার হোসেন ২০১৭ সালে একটি স্বনামধন্য বেসরকারি ব্যাংকের কার্ড সেলস ও রিটেইল ব্যাংকিং বিভাগে সিনিয়র রিলেশনশিপ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সেই সময় এক গ্রাহক ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেন। তবে পরবর্তীতে কার্ডের প্রয়োজন না থাকায় ওই গ্রাহক সেটি ব্যবহার না করে ব্যাংকে ফেরত দেন। অভিযুক্ত সারোয়ার হোসেন কার্ডটি যথাযথ প্রক্রিয়ায় ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। পরবর্তীতে গ্রাহকের অজান্তেই ব্যাংকের নথিতে ভুয়া মোবাইল নম্বর ও ঠিকানা ব্যবহার করে কার্ডটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেন, যাতে লেনদেন সংক্রান্ত সব ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) তার নিজস্ব নম্বরে পৌঁছায়।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, ভুক্তভোগী গ্রাহক সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট পর্যালোচনা করতে গিয়ে দেখতে পান যে, তার নামে ২০১৭ সাল থেকে একটি বড় অঙ্কের ঋণ সুবিধা সচল রয়েছে। অথচ তিনি কোনো প্রকার ঋণ গ্রহণ করেননি এবং এই বিষয়ে কিছুই জানতেন না। বিষয়টি জানার পর ভুক্তভোগী গ্রাহক বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় সংশ্লিষ্ট ব্যাংকটি নিজস্ব অভ্যন্তরীণ তদন্ত শুরু করলে সারোয়ার হোসেনের এই জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়।

ব্যাংক কর্তৃপক্ষের অভ্যন্তরীণ তদন্তে দেখা যায়, ভুক্তভোগী গ্রাহকের অজ্ঞাতে ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে ২০১৭ সালের শেষভাগ থেকে ২০২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত বিভিন্ন মেয়াদে মোট ১৭ লাখ ৭০ হাজার ২১৩ টাকা লেনদেন করা হয়েছে। প্রতারণার বিষয়টি আড়াল করতে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে মোট ১৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা পরিশোধ করলেও অবশিষ্ট লভ্যাংশসহ ৫ লাখ ৫৬ হাজার ৯৯৫ টাকা আত্মসাৎ করেন। তদন্তে আরও উঠে আসে, ২০১৯ সালে সারোয়ার হোসেন ওই ব্যাংকের চাকরি ছেড়ে দিলেও কার্ডটি নিজের কাছে রেখে অবৈধ লেনদেন অব্যাহত রেখেছিলেন।

আর্থিক জালিয়াতির এই ঘটনাটি প্রমাণিত হওয়ার পর ব্যাংকের পক্ষ থেকে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দণ্ডবিধির ৪০৮, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় একটি প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডির ঢাকা মেট্রো (পশ্চিম) বিভাগ। সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সারোয়ার হোসেন জালিয়াতি ও অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছেন।

সিআইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, এই চক্রের সঙ্গে ব্যাংকের অন্য কোনো কর্মকর্তা বা বহিরাগত কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে অভিযুক্ত ব্যক্তি অন্য কোনো গ্রাহকের তথ্য জালিয়াতি করে অনুরূপ অর্থ আত্মসাৎ করেছেন কিনা, সে বিষয়েও বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট আরও তথ্য ও ডিজিটাল প্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সিআইডি নিশ্চিত করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026