আন্তর্জাতিক ডেস্ক
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে বাংলাদেশে দায়িত্ব পালনরত এই কূটনীতিক শিগগিরই ব্রাসেলসে নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১৯৯৪ ব্যাচের ভারতীয় পররাষ্ট্র সার্ভিস (আইএফএস) কর্মকর্তা প্রণয় ভার্মা বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাকে এখন ইউরোপীয় কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার এই নিয়োগকে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক অগ্রাধিকার এবং ইউরোপীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার দায়িত্বকালে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি ও আঞ্চলিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের উদ্যোগ নতুন মাত্রা পেয়েছে। গত ২৭ জানুয়ারি দুই পক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ার পর ইউরোপীয় অঞ্চলে ভারতের কূটনৈতিক তৎপরতা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই চুক্তির লক্ষ্য হলো পণ্য, সেবা ও বিনিয়োগ খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং একটি আধুনিক, ভবিষ্যত-উপযোগী বাণিজ্য কাঠামো গড়ে তোলা।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চুক্তিটি কার্যকর হলে বিশেষ করে প্রকৌশল ও উৎপাদন খাতে ভারতের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পাবে। দেশটি এ খাতে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি ভারতের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, ইউরোপীয় সরবরাহ ব্যবস্থার সঙ্গে ভারতীয় উৎপাদকদের সংযুক্তি জোরদার করার বিষয়টিও এই চুক্তির অন্যতম লক্ষ্য। এতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) এবং আঞ্চলিক শিল্প ক্লাস্টারগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পায় এবং ব্যবসা সম্প্রসারণ করতে পারে।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ভারতের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার। ২০২৪-২৫ অর্থবছরে দুই পক্ষের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ১১.৫ লাখ কোটি রুপি, যা প্রায় ১৩৬.৫৪ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ। এর মধ্যে ভারতের রপ্তানি ছিল ৬.৪ লাখ কোটি রুপি এবং আমদানি ছিল ৫.১ লাখ কোটি রুপি। একই সময়ে সেবা খাতে বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭.২ লাখ কোটি রুপি বা ৮৩.১০ বিলিয়ন ডলার, যা দুই পক্ষের অর্থনৈতিক সম্পর্কের গভীরতা বৃদ্ধির ইঙ্গিত বহন করে।
বিশ্ব অর্থনীতিতে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন যথাক্রমে চতুর্থ ও দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচিত। সম্মিলিতভাবে তারা বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের প্রায় ২৫ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। এই প্রেক্ষাপটে, প্রণয় ভার্মার নতুন দায়িত্বকে ভারত-ইইউ সম্পর্কের কৌশলগত গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
প্রণয় ভার্মার কূটনৈতিক কর্মজীবন দীর্ঘ ও বৈচিত্র্যময়। বাংলাদেশে দায়িত্ব পালনের আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এছাড়া হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু এবং ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে ভিয়েতনামে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-এশিয়া বিভাগের যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
এর আগে তিনি ভারতের অ্যাটমিক এনার্জি বিভাগের যুগ্ম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন, যেখানে তিনি পরমাণু কূটনীতি সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। যন্ত্রকৌশলে স্নাতক প্রণয় ভার্মা কর্মজীবনের শুরুতে বেসরকারি খাতে কাজ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে চীনা ভাষার ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, যা তার কূটনৈতিক দক্ষতায় অতিরিক্ত মাত্রা যোগ করেছে।
বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে প্রণয় ভার্মার নিয়োগ দুই পক্ষের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে সহায়ক ভূমিকা রাখবে।