অর্থ বাণিজ্য ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য প্রতিজনকে ১০ লাখ টাকা করে ঋণ প্রদানের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রদান করা হয়। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি সহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাচ্ছেন, তাদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সাপোর্ট হিসেবে এই ঋণ দেওয়া হবে।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর আরও জানান, বৈঠকে বাংলাদেশের শ্রমবাজার, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সেখানকার যুদ্ধ ও সংকটের প্রভাব এবং বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের ভাষা শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে যাতে তারা বৈদেশিক চাকরিতে উন্নত বেতন ও সুযোগ পান। জাপানসহ ইউরোপে শিক্ষার্থী প্রেরণের জন্য পূর্বে করা এমওইউ দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।
এছাড়া ইউরোপের কিছু দেশের ভিসা প্রাপ্তির জন্য ভারতের কনস্যুলার সেবা ব্যবহার করতে হয়, বিষয়টি সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশে সরাসরি কনস্যুলার সেবা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যেই কিছু দেশ দেশে কনস্যুলার সেবা প্রদান করছে, বাকি দেশগুলোও তা নিশ্চিত করবে।
একই দিনে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। সচিবালয়ে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ সংক্রান্ত বৈঠকে ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে অটোরিকশা নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে সমাধান কার্যকর করার বিষয়গুলো আলোচনায় আসে।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজউক চেয়ারম্যান, বিআরটিসি চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১২০টি ট্রাফিক সিগন্যাল অটোমেশনের আওতায় আনা হবে। ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিমধ্যেই যেসব অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি নেওয়া হয়েছে, তার সুফল এপ্রিলের শেষ নাগাদ নগরবাসী দেখতে পাবেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, আগামী এক মাসের মধ্যে সমন্বয়কাজ সম্পন্ন করে যানজট কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। অটোরিকশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান ও শৃঙ্খলা ফিরিয়ে আনার পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন জানান, দীর্ঘ তিন ঘণ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক বৈঠক হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন