সারাদেশ ডেস্ক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে মানুষের ধর্মচেতনা ব্যবসার জন্য ব্যবহার করা যায় না এবং ধর্ম মানুষের অন্তরের বিষয়। তিনি বলেন, ‘আমরা বেহেশতের টিকিট বিক্রি করি না, বরং আমাদের কাজ ও ইবাদতের মাধ্যমে গন্তব্যে পৌঁছাই।’
সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলার হাট এলাকায় হেনা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া পুলিশ সুপার বেলল হোসেন, বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, সৎ জীবন যাপন ও কাজ ছাড়া কেউ বেহেশতে পৌঁছাতে পারে না। তিনি দলীয় ও সরকারি কর্মকাণ্ডে দুর্নীতি প্রতিরোধের বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেন, বিএনপি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি এবং দলের কেউ এ ধরনের কার্যকলাপে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী শৃঙ্খলার গুরুত্ব উল্লেখ করে বলেন, কোনো জাতি শৃঙ্খলা ছাড়া উন্নতি করতে পারে না। তিনি তেলের সংকটসহ চলমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবেলায় সতর্ক থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ফখরুল বলেন, আইন অমান্য করে কোনোভাবে সমস্যা সমাধান করা সম্ভব নয় এবং সরকারের কাজের জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ প্রদান করতে হবে।
তিনি সরকারের প্রকল্প কার্যক্রমের ওপর আলোকপাত করে বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন ও কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তন করেছে। তিনি বলেন, কৃষকের উন্নয়ন দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে সরাসরি সংযুক্ত। এছাড়া খাল খনন প্রকল্পে কেউ দুর্নীতি করলে বা কাজ সম্পন্ন না করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উদ্বোধনকালে জানা যায়, ঠাকুরগাঁওয়ে প্রথম পর্যায়ে শালিকষা থেকে সিন্দুরনা মৌজা পর্যন্ত ৫.৮ কিলোমিটার খাল খননের কাজের জন্য প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি ২৫ জুনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।