রাজধানী ডেস্ক
রাজধানীর দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে— আগামী চার মাসের মধ্যে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু করা, ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকায় স্থানান্তর, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কারওয়ান বাজারের কিচেন মার্কেট দ্রুত গাবতলীতে স্থানান্তর, গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ করে এর ধারণক্ষমতা বাড়ানো, সচিবালয় ও আশপাশের এলাকায় যানজট কমাতে বিকল্প পার্কিং ব্যবস্থা চালু করা এবং অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক একটি নীতিমালা প্রণয়ন।
এছাড়া অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। দীর্ঘকাল ধরে ঢাকা মহানগরীর যানজট নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষজ্ঞ মহলের মতে, এসব সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা গেলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে।