আইন আদালত ডেস্ক
চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন (সালমান শাহ) হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।
রোববার (৩০ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালত নতুন করে ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। এ নিয়ে মামলাটির তদন্ত কর্মকর্তা নবমবারের মতো সময় পেলেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০২৫ সালের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি দায়ের করেন। পরে আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এই মামলায় সামিরা হকের পাশাপাশি আসামি করা হয়েছে তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদকে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। দীর্ঘ সময় ধরে এ মৃত্যু নিয়ে নানা আইনি লড়াই ও বিতর্ক চলে আসছে। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যা, অন্যদিকে বিভিন্ন সময়ে অপমৃত্যুর কথাও বলা হয়েছে। বর্তমান তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মামলার দীর্ঘসূত্রিতায় ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হলেও আইন অনুযায়ী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ পাবে বলে প্রত্যাশা বাদীপক্ষের।