সারাদেশ ডেস্ক
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, এলাকায় চাঁদাবাজি, জুয়া ও মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি দলীয় পরিচয় থাকলেও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে ভাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্সে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো সততা ও বস্তুনিষ্ঠতা। এলাকার ইতিবাচক সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে একটি অঞ্চলের সামগ্রিক ভাবমূর্তি উন্নত করা সম্ভব। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের রাজনৈতিক প্রভাবমুক্ত থাকা এবং আচরণগত পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।
চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনি এলাকায় কোথাও চাঁদাবাজির ঘটনা ঘটলে কিংবা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ের ব্যক্তি জড়িত থাকলে তার তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রেখে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নিশ্চিত করা হবে। মাদকের বিস্তার রোধ এবং জুয়াড়ূদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানান তিনি।
এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে সংসদ সদস্য জানান, গত ছয় মাসে ভাঙ্গাসহ সংশ্লিষ্ট এলাকায় বেশ কিছু দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্রসহ ভবন নির্মাণের জন্য প্রায় ৪৮ কোটি টাকার চলমান কাজ। এছাড়া প্রায় ৪০টি নতুন সড়কের নির্মাণকাজ চলমান রয়েছে এবং আরও ৪৩টি সড়কের কাজ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, এলাকার দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাপ্রবণ এ অঞ্চলে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি ট্রমা সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করতে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানা সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০টিতে উন্নীত করা হয়েছে। পাশাপাশি সদরপুর উপজেলার নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ চলমান রয়েছে।
মতবিনিময় সভায় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা বক্তব্য দেন। সভায় স্থানীয় সংবাদকর্মীরা তাদের পেশাগত বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ভাঙ্গা উপজেলায় একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত প্রেসক্লাব ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ ও ভবন তৈরির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য।