রাজনীতি ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পবিত্র ওমরাহ পালন করেছেন। নির্ধারিত সফরসূচির অংশ হিসেবে তিনি পবিত্র নগরী মক্কায় পৌঁছানোর পর এই ইবাদত সম্পন্ন করেন। দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
সফরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন। ওমরাহ পালন শেষে নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। এছাড়া সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও তারা সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রবাসীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
সফরের পরবর্তী কর্মসূচি অনুযায়ী, মক্কা অবস্থান শেষে এনসিপি নেতারা পবিত্র মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরিকল্পনা করেছেন। সেখানে মসজিদে নববীসহ অন্যান্য দর্শনীয় ও ঐতিহাসিক স্থান জিয়ারত করার কথা রয়েছে। সফর শেষে আগামী ৩০ আগস্ট তাদের ঢাকায় প্রত্যাবর্তন করার কথা রয়েছে। এর আগে নির্ধারিত ফ্লাইটে স্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।